• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:০৭:৪৯ (25-Feb-2026)
  • - ৩৩° সে:
জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ ও দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ ও দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ ও আহত যোদ্ধাদের (জুলাইযোদ্ধা) পুনর্বাসন, চিকিৎসা, শিক্ষা সহায়তা ও আর্থিক ভাতা নিশ্চিত করতে যথাযথ ও দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।২৫ ফেব্রুয়ারি বুধবার সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।তিনি বলেন, প্রধানমন্ত্রী জুলাইযোদ্ধাদের পুনর্বাসনের অগ্রগতি, আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের ভাতা, শিক্ষা সহায়তা ও অন্যান্য সুবিধা নিয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন। তিনি বিশেষ করে বিগত সময়ে রাজনৈতিক দলীয় পরিচয়ের কারণে বঞ্চিত হওয়া জুলাইযোদ্ধাদের তালিকাভুক্তি ও সহায়তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, পুনর্বাসন ও সহায়তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। বিগত আমলে বিএনপি-সমর্থিত অনেক জুলাইযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছিলেন বা সহায়তা পাননি। সেসব কেস খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সংশোধন করা হবে।”জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় গুরুতর আহতদের গেজেট প্রকাশ চলমান।সাম্প্রতিক গেজেটে অতি গুরুতর আহত (ক্যাটাগরি ক), গুরুতর আহত (খ) ও সাধারণ আহত (গ) ক্যাটাগরিতে শতাধিক নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।শহীদ পরিবারকে এককালীন অনুদান, মাসিক ভাতা, বিনামূল্যে ফ্ল্যাট ও শিক্ষা সহায়তা দেওয়া হচ্ছে। আহত যোদ্ধাদের চিকিৎসা, পঙ্গুত্ব সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।প্রতিমন্ত্রী আরও জানান, জুলাই ফাউন্ডেশনের তহবিল ব্যবহারের স্বচ্ছতা নিয়েও প্রধানমন্ত্রী খোঁজ নিয়েছেন। সরকারের লক্ষ্য হলো রাজনৈতিক বিবেচনাহীনভাবে সব জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের প্রাপ্য সম্মান ও সহায়তা নিশ্চিত করা।জাতি জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা করছে।