• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ রাত ১১:৩২:২৫ (04-May-2026)
  • - ৩৩° সে:
ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার

ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে নেওয়ার সময় ‘টেনশন না করতে’ বলা দুই পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে ট্রাইব্যুনাল।২৯ এপ্রিল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়, ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার সময় ওই দুই কনস্টেবল শৃঙ্খলাবহির্ভূত মন্তব্য করেন। ধারণকৃত ভিডিও ফুটেজে তাদের এ আচরণ ধরা পড়ে, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা ও বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইনুকে এজলাসকক্ষ থেকে হাজতখানায় নেওয়ার সময় দুই পুলিশ সদস্য তাকে বলেন, ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।’ঘটনার পরপরই ট্রাইব্যুনাল তাদের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করে এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে বিচার চলছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে। গত বুধবার তার পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।