• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৪১:৫০ (06-May-2026)
  • - ৩৩° সে:
লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিহত পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টিকে (২৭) মরণোত্তর ডক্টরাল ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটি। আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) থেকে রোববার মধ্যে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে আট হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে—তাদের মধ্যেই থাকবেন লিমন ও বৃষ্টি।তাদের স্মরণে প্রতিটি অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হবে। আগামী শুক্রবার সকালে ডক্টরেট প্রদান অনুষ্ঠানে লিমন ও বৃষ্টির সম্মানে অ্যারেনার মেঝেতে পদক-সজ্জিত দুটি খালি চেয়ার রাখা হবে।এ বছর প্রদত্ত ৩৫৩টি ডক্টরেট ডিগ্রির তালিকায় লিমন ও বৃষ্টিও অন্তর্ভুক্ত রয়েছেন।লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময়ে নিখোঁজ হন বৃষ্টিও। তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন।এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনা ফেলার কালো ব্যাগের ভেতর থেকে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।আদালতের নথি অনুযায়ী, লিমনের মরদেহে কোনো কাপড় ছিল না এবং একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে।লিমনের মরদেহ উদ্ধারের দুই দিন পর, ২৬ এপ্রিল, একই এলাকার কাছাকাছি ম্যানগ্রোভ অঞ্চলে মাছশিকারিরা কায়াক চালানোর সময় একটি কালো পলিথিন দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে পলিথিনের ভেতর খণ্ডিত মরদেহাংশ উদ্ধার করে। শুরুতে সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ৩০ এপ্রিল সংবাদ সম্মেলনে হিসলবরো কাউন্টির শেরিফ নিশ্চিত করেন—উদ্ধার হওয়া অংশগুলো বৃষ্টির।এই ঘটনায় পুরো ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবুও সমাবর্তনের মঞ্চে লিমন ও বৃষ্টির নাম উচ্চারিত হবে সর্বোচ্চ একাডেমিক সম্মানের সঙ্গে—যা তাদের অসমাপ্ত স্বপ্নের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।সূত্র: ডব্লিউএফএএ