রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের প্রতি বাংলাদেশের জরুরি আহ্বান
ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গা সংকটসহ বৈশ্বিক মানবিক সংকট মোকাবিলা এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্ক স্থানীয় সময় ১৭ জুন বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) মানবিক বিষয়ক অধিবেশনে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা কার্যক্রম এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সংঘাত-পরবর্তী পুনর্গঠন ও স্থিতিশীলতা রক্ষায় নারীদের অংশগ্রহণ অপরিহার্য। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী সদস্যদের পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন এবং বৈশ্বিক শান্তি প্রক্রিয়ায় নারীদের আরও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, ক্রমবর্ধমান মানবিক অর্থায়নের ঘাটতি পূরণে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে তাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।উল্লেখ্য, সফরসূচি অনুযায়ী, ১৮ জুন প্রতিমন্ত্রী ইকোসকের বিভিন্ন উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি তিনি জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।সূত্র: দেশ রূপান্তর