• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৪:১৬:১৭ (20-Jun-2026)
  • - ৩৩° সে:
শিশু নন্দিনীর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: দুলু

শিশু নন্দিনীর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: দুলু

ডেস্ক রিপোর্ট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিশু নন্দিনীর হত্যাকাণ্ড নিষ্ঠুর, নির্মম ও নৃশংস এক ঘটনা; কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন বর্বরোচিত কাণ্ড ঘটাতে পারে না।তিনি জানান, প্রশাসন ইতোমধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে। এবং জানা গেছে, আসামি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার স্বীকারোক্তি দিয়েছেন।তিনি এ জঘন্যতম হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে সকল পদক্ষেপ নেয়া হবে বলে সবাইকে আশ্বস্ত করেন।১৮ জুন বৃহস্পতিবার সকালে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি ইউনিয়নে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।সংসদ চলমান থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিজের বোধ ও তাগিদ থেকে তিনি এবং লালমনিরহাট সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও রোকন উদ্দিন বাবুল এখানে এসেছেন বলে মন্ত্রী জানান।আসাদুল হাবিব বলেন, যারা মব সৃষ্টি করে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছেন, জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের গাড়িতে আগুন দিয়েছেন, জনমনে ত্রাস ও ভীতির সঞ্চার করেছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে। বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ।এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, একেএম মোমিনুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।১৬ জুন মঙ্গলবার সকালে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নিখোঁজ হওয়া ৭ বছরের শিশু নন্দিনী রানীর বস্তাবন্দী মরদেহ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়।স্থানীয়দের অভিযোগ, স্থানীয় এক মাদকাসক্ত বিধান চন্দ্র শিশুটিকে হত্যা করে।অভিযুক্তকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর চড়াও হয় এবং অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। জনতা জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও ওসিসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং ডিসির গাড়িসহ ৭টি গাড়ি ভাঙচুর করে।