মার্কিন অবরোধ এড়িয়ে তেল নিয়ে এশিয়ায় পৌঁছেছে ইরানি সুপার ট্যাঙ্কার
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ এড়িয়ে ২২ কোটি ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল বহনকারী একটি ইরানি সুপার ট্যাঙ্কার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে বলে জানিয়েছে জাহাজ পর্যবেক্ষণ সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স। এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।৩ মে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ইরানের ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি-এর মালিকানাধীন ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) জাহাজটির নাম ‘HUGE’। জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার আনুমানিক বাজারমূল্য ২২ কোটি ডলার।সংস্থাটির তথ্য অনুযায়ী, এক সপ্তাহেরও বেশি সময় আগে সর্বশেষ শ্রীলঙ্কার উপকূলে জাহাজটিকে দেখা যায়। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।গত ১৩ এপ্রিল জাহাজটি ইরানের জলসীমায় অবস্থান করছিল—সেই দিনই যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ ঘোষণা করে। এর আগে ২০ মার্চ মালাক্কা প্রণালী থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে জাহাজটি স্বয়ংক্রিয় পরিচয় সংকেত (এআইএস) বন্ধ রেখেছিল বলেও দাবি করেছে ট্যাঙ্কারট্র্যাকার্স।এর আগে ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে, অন্তত ৫২টি ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভেঙে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, অবরোধ শুরুর পর ইরান-সংশ্লিষ্ট অন্তত ৪১টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, অবরোধ কার্যকর থাকায় ইরানের বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। তেল রপ্তানি ব্যাহত হওয়ায় দেশটিকে তেল মজুত করতে হচ্ছে, যা ধারণক্ষমতার সীমা ছাড়ালে উৎপাদনেও প্রভাব ফেলতে পারে বলে তারা সতর্ক করেছেন।