নোয়াখালীতে অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সদর উপজেলার বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলায় তার সাবেক গৃহশিক্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আদালত।২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত আসামির নাম আব্দুর রহিম রনি (৩৩)। তিনি নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা।ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. সেলিম শাহী জানান, আদালত আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন। আসামির উপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাসা থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে নৃশংস আঘাতের চিহ্ন ছিল, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার দিন রাতেই সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন।নিহতের পরিবার জানায়, অদিতা কিছুদিন আগে ওই শিক্ষকের কাছে পড়াশোনা বন্ধ করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। ঘটনার দিন বাসায় একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে নৃশংসভাবে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।মামলার বিচারিক কার্যক্রমে বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের পর নোয়াখালীসহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিচার দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।