• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৫৩:২৭ (02-Feb-2026)
  • - ৩৩° সে:
৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন

৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেশের আটটি বিভাগে পদায়ন করা হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভোটগ্রহণের দুই দিন আগে থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত সময়ের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী তাঁদের নামের পাশে উল্লেখিত অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতাও অর্পণ করা হয়েছে।পদায়নপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।প্রজ্ঞাপনে আরও বলা হয়, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার তাঁর আওতাধীন এলাকার চাহিদার ভিত্তিতে পদায়ন করবেন। পদায়নের পর তাঁরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে যোগদান বা রিপোর্ট করবেন।এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত রাখতে হবে। প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর নির্দেশনাও প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে।