• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৯:৫৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
নিখোঁজের ৮ দিন পর কলেজছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিখোঁজের ৮ দিন পর কলেজছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিখোঁজ হওয়ার আট দিন পর ফজলে রাব্বি বাবু (২১) নামে এক কলেজছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৪ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভা গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত রাব্বি বাবু চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে সেপটিক ট্যাংকে ফেলা হয়েছিল। তবে নিহতের ব্যবহৃত মোটরসাইকেল এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।এ ঘটনায় জড়িত সন্দেহে সাহেদ নামে এক যুবককে ঢাকা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক সাহেদ চন্দ্রপ্রভা গ্রামের বাশারের ছেলে।লক্ষ্মীপুর সদর হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক রায়হান কাজেমি জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটন এবং মোটরসাইকেল উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’উল্লেখ্য, দুইদিন আগে একই এলাকার একটি পার্শ্ববর্তী বাগান থেকে রক্তমাখা আলামতও উদ্ধার করেছিল পুলিশ।