• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৬:৪৭ (17-Jun-2026)
  • - ৩৩° সে:
এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক: আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষাসংক্রান্ত তথ্য, অভিযোগ ও জরুরি যোগাযোগের জন্য কন্ট্রোল রুম চালুসহ একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।১৭ জুন বুধবার বোর্ডের ওয়েবসাইটে এ বিষয়ে তিনটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষাসংক্রান্ত যেকোনো সমস্যা, তথ্য বা জরুরি প্রয়োজনে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। কন্ট্রোল রুমের ফোন নম্বরগুলো হলো- ০২-২২৩৩৬৯৮১৫, ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ এবং ০১৭৫৬১০৩১৫২। এছাড়া controller@dhakaeducationboard.gov.bd ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের বিষয়ে বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্ধারিত আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। অনুমোদিত মডেলগুলো হলো- কাসিও এফএক্স-৮২এমএস, কাসিও এফএক্স-১০০এমএস, কাসিও এফএক্স-৫৭০এমএস, কাসিও এফএক্স-৯৯১এমএস, কাসিও এফএক্স-৯৯১ইএস, কাসিও এফএক্স-৯৯১ইএক্স, কাসিও এফএক্স-৯৯১ইএস প্লাস ও কাসিও এফএক্স-৯৯১সিডব্লিউ।এছাড়া নন-প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।পরীক্ষার দিন কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমাতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশসংক্রান্ত পূর্বে জারি করা সব নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে বোর্ড।উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।