• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৫০:১০ (28-Feb-2026)
  • - ৩৩° সে:
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় কাঠবোঝাই ট্রাক বাড়ির ওপর, আহত ৩

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় কাঠবোঝাই ট্রাক বাড়ির ওপর, আহত ৩

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি কাঠবোঝাই ট্রাক রেললাইনের পাশের একটি বাড়ির ওপর পড়ে গেছে। এ সময় ওই বাড়ির তিনজন আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণে রাত ১২টা পর্যন্ত রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি কাঠবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। রেলক্রসিংয়ে ওঠার পর ট্রাকটি সেখানে আটকে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটিকে রেললাইনের ওপর থেকে সরাতে পারেননি। এরই মধ্যে ট্রেন আসার সময় হলে চালক ও হেলপার নেমে যান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি শাটল ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি খানিক দূরে ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়ে।কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ওপর পড়ে। এ দুর্ঘটনায় বাড়িতে শুয়ে থাকা তিনজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।