• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:২৭:০৩ (27-Feb-2026)
  • - ৩৩° সে:
তরমুজে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা নবনির্বাচিত এমপির

তরমুজে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা নবনির্বাচিত এমপির

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাতে তরমুজ পরিবহন ঘিরে বিভিন্ন ঘাটে চাঁদাবাজির অভিযোগ ওঠায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পটুয়াখালী-৪ আসন-এর নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।তিনি বলেছেন, সরকারি ইজারা দেওয়া ঘাট ছাড়া অন্য কোথাও তরমুজ নামাতে এক টাকাও দেওয়া যাবে না। কেউ চাঁদা দাবি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।এর আগে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাঙ্গাবালী সফর করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। প্রথমে উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, কৃষকরা মাথার ঘাম ঝরিয়ে তরমুজ উৎপাদন করেন। অথচ কিছু স্থানে প্রতি পিস তরমুজে ১ থেকে ২ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। সরকারি ইজারা দেওয়া ঘাটে নির্ধারিত টাকা নেওয়া হলে সমস্যা নেই, তবে যত্রতত্র ঘাট বসিয়ে টাকা আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, সরকারি তালিকাভুক্ত ঘাট ব্যতীত খাস আদায়ের নামে তহশিলদারদের মাধ্যমে ঘাট পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃষকরা হয়রানির শিকার হচ্ছেন। দলের কেউ জড়িত থাকলেও প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।এ সময় তিনি জানান, চলতি মাসে সম্ভব না হলেও আগামী মাসে খাল খনন প্রকল্প শুরু করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।