অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর
অনলাইন ডেস্ক: ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।৬ জুলাই সোমবার ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি নিয়ে জামিন আবেদন নামঞ্জুর করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন। আলভীর পক্ষে তার আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে হারুন অর রশীদ জামিনের বিরোধীতা করেন।এর আগে গত ২৪ জুন এ মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। অন্যদিকে, গত ৪ জুন আরেক আসামি আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান।গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।এদিকে ইকরার আত্মহত্যার ঘটনায় ওইদিন রাতেই মামলা করেন তার মামা শেখ তানভীর আহমেদ। মামলার অপর আসামি হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ তার ভাগনি ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।