রাঙ্গুনিয়ার অগ্নিকাণ্ডে পুড়ল তিন বসতঘর, জামায়াত প্রার্থীর সহায়তা
রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে।৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয় সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে টিনের তৈরি তিনটি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।জানা গেছে, মুরাদনগরের আবুল খানের বাড়ির একটি পরিবারের বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পাশের রাজমিস্ত্রি মো. আকবর, দিনমজুর রুবেল ও কামালের মালিকানাধীন বসতঘরগুলো পুড়ে যায়। আগুনে ঘরবাড়িসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার রাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান এবং তাৎক্ষণিকভাবে তিনটি পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করেন।