ঢাকা-৭ আসনে ফল স্থগিত ও পুনঃগণনার দাবি জামায়াত প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ঢাকা-৭ আসন-এর ফল প্রকাশ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিত করে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. এনায়াত উল্যাহ।১৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এর আগে বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন তিনি।সংবাদ সম্মেলনে এনায়াত উল্যাহ অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের একাধিক ব্যালট বান্ডিলে ১০০টি ব্যালট পেপার না থাকলেও গণনায় ১০০টি হিসেবে দেখানো হয়েছে। তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়ে ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে এজেন্টদের আপত্তি উপেক্ষা করা হয়েছে। এছাড়া রেজাল্ট শিটের মূল কপি সরবরাহ না করার অভিযোগও তোলেন তিনি।তিনি দাবি করেন, ভোট গণনার মাঝপথে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হয়েছে এবং কাউন্টার পার্টে এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি। এসব অনিয়মের বিষয়ে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে লিখিত আপত্তি জানানো হয়েছে বলেও জানান তিনি।সাংবাদিকদের উদ্দেশে এনায়াত উল্যাহ বলেন, “এই অনিয়মের কারণে ভোটারদের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি। ভোট পুনঃগণনা হলে অনিয়মের সত্যতা প্রকাশ পাবে এবং সঠিক ভোট সংখ্যা জানা যাবে।” তিনি অবিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে পুনঃগণনার দাবি জানান।