ফুলবাড়ীতে সাবেক ছিটমহলের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।২৫ ফেব্রুয়ারি বুধবার ফুলবাড়ী উপজেলা চত্বরে সলিডারিডি ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দাসিয়ারছড়ার তিনটি বিদ্যালয়ে অধ্যয়নরত ২৪ জন ছাত্রীর মাঝে ২৪টি বাইসাইকেল বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন সলিডারিডির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনটি বিদ্যালয়ের শিক্ষকরা।বাইসাইকেল পেয়ে উপকারভোগী ছাত্রীরা জানায়, এই সহায়তা তাদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত সহজ করবে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।সলিডারিডির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল বলেন, গ্রামীণ এলাকার অনেক শিক্ষার্থীকে দূর-দূরান্ত থেকে হেঁটে স্কুলে যেতে হয়। বাইসাইকেল পেলে তাদের সময় ও কষ্ট কমবে, পাশাপাশি ঝরে পড়ার হারও হ্রাস পাবে। ভবিষ্যতেও শিক্ষাবান্ধব এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।