• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৩৮:২৩ (10-Mar-2026)
  • - ৩৩° সে:
ঈদের ছুটিতেও সীমিত আকারে চালু থাকবে কাস্টমস হাউস

ঈদের ছুটিতেও সীমিত আকারে চালু থাকবে কাস্টমস হাউস

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।নির্দেশনা অনুযায়ী, আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) দেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।৯ মার্চ সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, দেশের আমদানি-রফতানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতেও প্রয়োজনীয় জনবল রেখে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।এই নির্দেশনা পাঠানো হয়েছে ঢাকা কাস্টম হাউস, চট্টগ্রাম কাস্টম হাউস, বেনাপোল কাস্টম হাউস, আইসিডি কমলাপুর, মোংলা কাস্টম হাউস এবং পানগাঁও কাস্টম হাউস-এর কমিশনারদের কাছে।এছাড়া ঢাকা (উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লা অঞ্চলের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটগুলোকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।জানা গেছে, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) গত ৪ মার্চ এ বিষয়ে আবেদন জানায়। সাধারণত ঈদের ছুটিতে দীর্ঘ সময় বন্দর ও কাস্টমস কার্যক্রম বন্ধ থাকলে কাঁচামাল আমদানি এবং তৈরি পোশাক রফতানিতে জট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ব্যবসায়ীদের সেই উদ্বেগ বিবেচনায় নিয়ে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে।