• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৭:২৩:২৫ (20-Jun-2026)
  • - ৩৩° সে:
বিবর্ণ রোনালদোর পর্তুগালকে রুখে ইতিহাস গড়ল ডিআর কঙ্গো

বিবর্ণ রোনালদোর পর্তুগালকে রুখে ইতিহাস গড়ল ডিআর কঙ্গো

স্পোর্টস ডেস্ক: ম্যাচের মাত্র ৬ মিনিটেই জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। তখন মনে হচ্ছিল, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয়ই পেতে যাচ্ছে ইউরোপের দলটি। কিন্তু দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো হার মানেনি। ইয়োনে উইসার দুর্দান্ত এক গোলে সমতায় ফিরে তারা ইতিহাস গড়ে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করে ডিআর কঙ্গো। আর পুরো ম্যাচেই ছন্দহীন ছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটে বাম দিক থেকে পেদ্রো নেতোর নিখুঁত ক্রসে জোয়াও নেভেস হেডে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।গোলের পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে পর্তুগাল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরে আসে ডিআর কঙ্গো। রক্ষণে অধিনায়ক চানসেল বেমবার দৃঢ় উপস্থিতি এবং আক্রমণে ইয়োনে উইসার সক্রিয়তা দলটিকে আত্মবিশ্বাস জোগায়।প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কর্নার পায় ডিআর কঙ্গো। ডান দিক থেকে আসা সেই কর্নারে ফার পোস্টে সম্পূর্ণ ফাঁকায় থাকা উইসা উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেডে গোল করেন। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলের দেখা পায় আফ্রিকার দলটি। একই সঙ্গে ১-১ সমতায় ফিরে যায় ম্যাচ।বিরতির পরও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে ডিআর কঙ্গো। ৫৮ মিনিটে সেদরিক বাকাম্বুর শট পোস্টে লেগে ফিরে আসে, যদিও তার আগে অফসাইডের বাঁশি বাজানো হয়েছিল। অন্যদিকে পর্তুগালও একের পর এক আক্রমণ চালায়। ৫৬ মিনিটে জোয়াও ক্যান্সেলোর অসাধারণ ওভারহেড কিক জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।৬৯ মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগটি পান রোনালদো। বক্সের ভেতর থেকে নেওয়া তার শট পোস্টের বাইরে চলে যায়। এরপরও কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন পর্তুগিজ অধিনায়ক।শেষ দিকে পাল্টা আক্রমণে পর্তুগালের রক্ষণে আতঙ্ক ছড়ায় ডিআর কঙ্গো। ৭৮ মিনিটে বাকাম্বুর শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। যোগ করা সময়ে উইসাকে থামাতে গিয়ে হলুদ কার্ড দেখেন টমাস আরাউহো।ম্যাচের শেষ মুহূর্তগুলোতে জয়ের গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। তবে ডিআর কঙ্গোর গোলরক্ষক দিমিত্রি বারটাউড এমপাসি একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন। কর্নার ও আক্রমণ থেকে শেষ পর্যন্ত কোনো সুবিধা আদায় করতে পারেনি পর্তুগাল।রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন ডিআর কঙ্গোর খেলোয়াড় ও সমর্থকেরা। কারণ, বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জনের গৌরবময় মুহূর্তটি যে তাদেরই।