আগামীকাল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল ছুটি, বন্ধ কোচিং সেন্টারও
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) আগামীকাল ৯ মার্চ সোমবার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এ সময় বন্ধ থাকবে।৮ মার্চ রোববার এ সংক্রান্ত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসে ঢাকাসহ বিভিন্ন শহরের জনভোগান্তি কমানো এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ৯ মার্চ থেকে সরকার ঘোষিত ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।তবে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর আবশ্যিক পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, দেশের সরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রমজানের ছুটি শুরু হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি থেকে। এ ছুটি চলবে আগামী স্বাধীনতা ২৬ মার্চ দিবস পর্যন্ত।