• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৩১:৩১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
কুবির আইন বিভাগের ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

কুবির আইন বিভাগের ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চারটি ব্যাচ থেকে মোট ৭২ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নতুন বিভাগ হিসেবে এটিকে বিশ্ববিদ্যালয়টির জন্য গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।গত ১৫ মার্চ রোববার বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এবারের ভাইভা পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কুবির আইন বিভাগের ১০ম ব্যাচ থেকে ১০ জন, ১১তম ব্যাচ থেকে ৯ জন, ১২তম ব্যাচ থেকে ২৮ জন এবং ১৩তম ব্যাচ থেকে ২৫ জনসহ মোট ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১৫ থেকে ৩০ নভেম্বর এবং ২০২৬ সালের ১৩ থেকে ১৪ মার্চ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় অংশ নেওয়া নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা দেশে অ্যাডভোকেট হিসেবে আইন পেশায় যুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।আইন বিভাগের বিভাগীয় প্রধান সাদিয়া তাবাসসুম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে আইন বিভাগ শুরু থেকেই ভূমিকা রেখে আসছে। প্রতিবছরই আমাদের শিক্ষার্থীরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হচ্ছে। এবারের এই সাফল্যেও আমরা গর্বিত।’উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মধ্যে আইন বিভাগ সর্বশেষ হিসেবে ২০১৬ সালে একাডেমিক কার্যক্রম শুরু করে।