চুরির অপবাদে মারধর, ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হাসান (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৯ ডিসেম্বর সোমবার দুপুর ২টার দিকে উপজেলার পৌর এলাকার অরণকোলা হাটসংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মেহেদী হাসান অরণকোলা হাটপাড়া এলাকার আবু বক্কারের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর রোববার বিকেলে মোবাইল চুরির অভিযোগ তুলে মেহেদীকে তার চাচাতো ভাই ও সৎ ভাইয়েরা অরণকোলা হাট এলাকার একটি মাদ্রাসার সামনে বেধড়ক মারধর করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।সোমবার দুপুরে স্থানীয় লোকজন হাটের অদূরে একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, ‘নিহত মেহেদী হাসানের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। প্রাথমিকভাবে তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’