• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১৪:৫১ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাবে তার দেশ, কেপ ভার্দের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী

১ জুলাই ২০২৬ সকাল ০৮:২১:৪১

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাবে তার দেশ, কেপ ভার্দের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নেওয়া আফ্রিকার দেশ কেপ ভার্দে এবার আরও বড় চমকের স্বপ্ন দেখছে। শেষ ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দেশটির প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন, তার দল ১-০ গোলে হারাতে পারে লিওনেল মেসিদের।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেন, ‘আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে।’

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপ পর্বে দারুণ লড়াই করে নকআউট নিশ্চিত করেছে কেপ ভার্দে। প্রথম দুই ম্যাচে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গেও সমতায় শেষ করে তারা। একই সময়ে উরুগুয়ে স্পেনের কাছে হেরে যাওয়ায় শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হয় আফ্রিকার দলটির।

অন্যদিকে, তিন ম্যাচেই জয় তুলে নিয়ে দাপটের সঙ্গে নকআউটে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে জয় পাওয়া দলটির হয়ে এখন পর্যন্ত আট গোলের মধ্যে ছয়টিই করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

কাগজে-কলমে ম্যাচটিতে স্পষ্ট ফেবারিট আর্জেন্টিনা। তবে নিজেদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী কেপ ভার্দের প্রেসিডেন্ট।

নেভেস বলেন, ‘আমরা জিততেই মাঠে নামব। কোনো দলকে নিয়ে প্রত্যাশা কম থাকলেও যদি তাদের জয়ের তীব্র ইচ্ছা থাকে, তাহলে অনেক কিছুই সম্ভব।’

তিনি আরও বলেন, ‘কেপ ভার্দের মতো একটি ছোট দেশের সব সময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত। আর্জেন্টিনার বিপক্ষে জয়ের সম্ভাবনায় আমরা বিশ্বাস করি।’

বিশ্বকাপে নিজেদের অভিষেককে বিশেষ এক যাত্রা হিসেবে উল্লেখ করে নেভেস বলেন, ‘আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে। সেই ভাগ্যই আমাদের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি দাঁড় করিয়েছে।’

তার ভাষায়, ‘আমরা আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। আমাদের লক্ষ্য পরের পর্বে জায়গা করে নেওয়া।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us