• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:২০:৩৭ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

রোনালদোকে ছাড়িয়ে নকআউটে নতুন রেকর্ড এমবাপ্পের

১ জুলাই ২০২৬ সকাল ০৭:৪৭:৩৩

রোনালদোকে ছাড়িয়ে নকআউটে নতুন রেকর্ড এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে শুধু ফ্রান্সকে বড় জয়ই এনে দেননি, গড়েছেন একাধিক ঐতিহাসিক রেকর্ডও।

দ্য অ্যাথলেটিক-এর তথ্য অনুযায়ী, ১ জুলাই বুধবার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথমার্ধে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের গোলসংখ্যা ৯-এ উন্নীত করেন এমবাপ্পে। এরপর দ্বিতীয় গোল করে সেই সংখ্যা দাঁড়ায় ১০-এ। এর মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এককভাবে নিজের করে নেন ফরাসি অধিনায়ক।

এর আগে এই রেকর্ডটি যৌথভাবে ধরে রেখেছিলেন ব্রাজিলের কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিও। দুজনেরই নকআউট পর্বে গোল ছিল ৮টি। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির নকআউট গোলসংখ্যা ৫।

সুইডেনের বিপক্ষে প্রথম গোলটি ছিল বিশ্বকাপে এমবাপ্পের ১৭তম গোল, যা তাকে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে তুলে আনে। পরে দ্বিতীয় গোল করে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেন তিনি।

বর্তমানে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৯। চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে একটি গোল করে তিনি এই অবস্থানে পৌঁছান।

এমবাপ্পের সামনে এখন মেসির রেকর্ড স্পর্শ করতে প্রয়োজন মাত্র একটি গোল। বর্তমান ফর্ম বিবেচনায় সেই মাইলফলক ছুঁতে তার অপেক্ষা দীর্ঘ হওয়ার সম্ভাবনা খুবই কম।

চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইটিও জমে উঠেছে। এখন পর্যন্ত এমবাপ্পে ও মেসি দুজনই ৬টি করে গোল করেছেন এবং যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন।

বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপ্পের ধারাবাহিক পারফরম্যান্সও নজরকাড়া। ২০২২ বিশ্বকাপে শেষ ষোলোয় পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল এবং ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্মরণীয় হ্যাটট্রিকসহ নকআউটে করেছিলেন মোট ৫ গোল।

এর আগে ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ের পথে শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল এবং ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি গোল করে নিজের নকআউট সাফল্যের ভিত্তি গড়ে তুলেছিলেন এই ফরাসি তারকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us