নিজস্ব প্রতিবেদক: সংবাদের বস্তুনিষ্ঠতা গণমাধ্যমের প্রধান বিষয় বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, এশিয়ান টেলিভিশন তার ভবিষ্যৎ যাত্রাতে প্রধান মোটিভ থাকবে সংবাদের বস্তুনিষ্ঠতাকে হাজির করে দেওয়া। সংবাদ মাধ্যম কোনো আদর্শের দাস সে হতে পারে না। অথবা কোনো প্রবৃত্তির দাশ সে হতে পারে না।


২৩ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল- এর সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম কোনো বিত্ত উপার্জনের প্রতিষ্ঠান হিসেবে এ পর্যন্ত পৃথিবীতে দেখা যায়নি। যত বড়ো বড়ো গণমাধ্যম প্রতিষ্ঠান আছে তা মূলত সমাজ ও নারীদের বিনির্মাণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যমের উদ্যোক্তারা, যারা এর সাথে জড়িত থাকেন, তারা কেউ কেবল মাত্র গণমাধ্যমের মালিক হওয়ার কারণে পৃথিবীর ধনীদের তালিকায় তাদের নাম উঠে না। কিন্তু গণমাধ্যমের এই উদ্যোগতার দায়িত্বটা সমাজের প্রত্যেকটা মানুষকে সচেতন করা এবং সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে সংযুক্ত থাকা, এটাই তার একটা প্রধান দায়িত্ব। এবং এটার জন্য একটা আলাদা পেশান লাগে।
তথ্যমন্ত্রী বলেন, শুধু মাত্র বিনিয়োগ করা ক্ষমতা অথবা প্রফিট মোটিভ এ ধরনের প্রতিষ্ঠানের প্রধান এ ধরনের উদ্যোগী শক্তি হিসেবে কাজ করে না। সে বিবেচনায় আমি বিশ্বাস করতে চাই এশিয়ান টেলিভিশনের মালিকদের এ গণমাধ্যমের প্রতিষ্ঠানকে তারা জনগণের মধ্যম হিসেবে বিবেচনা করবেন। সংবাদের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতাকে রক্ষা করার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, আমাদের মতন দেশগুলোতে সম প্রতিকালের একটা প্রবণতা হচ্ছে গণমাধ্যমকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা। সেটা যেমন ক্ষমতার প্রতিযোগিতা হতে পারে তেমনি বাণিজ্যিক ফায়দাতে তোলার জন্য হতে পারে।
যে গণমাধ্যম এ ক্ষেত্রে যত বেশি পেশাদারিত্ব বজায় রাখে সে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তত বেশি আকার ধারণ করে। আমার সমসাময়িককালের পৃথিবীব্যাপী বিখ্যাত গণমাধ্যমগুলোতে তাকালে দেখা যায় তার প্রধান শক্তি হলো বস্তুনিষ্ঠতা।
এশিয়ান টিভির চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল ১৩ বছরের পথচলায় দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও মানসম্মত ও দায়িত্বশীল সম্প্রচার অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
গণমাধ্যমের এ প্রতিযোগিতামূলক সময়ে এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি উদযাপন নয়, বরং নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার এক দৃঢ় অঙ্গীকার এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এশিয়ান টিভি আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আপনাদের সবাইকে আবারও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের যাত্রাপথে আপনারা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। জাতির প্রত্যাশা পূরণ করবেন এবং কঠিন দুঃসময়েও সত্যের পক্ষে থাকবেন। মাথা নত করবেন না এটাই আমাদের প্রত্যাশা।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমি আশা করি দেশ গঠনে এশিয়ান টিভি, দেশ রূপান্তর ও মুকুল সাহেব একটা বিশাল ভূমিকা রাখতে পারেন। কারণ মিডিয়াই জাতির দর্পণ। যদিও মিডিয়া আনথ্যাঙ্কফুল জব।’
তিনি বলেন, ‘মিডিয়া একমাত্র জায়গা যেখানে দেশ-জাতি ও মানুষ সম্পর্কে বলা যায়। সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা মিডিয়ার সমালোচনা সহ্য করবেন, ইভেন সরকারও যেন মিডিয়ার সমালোচনা সহ্য করতে পারে, সেটি আমি সরকারকে অনুরোধ জানাব।’
রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের পরিচালক মাহির আলী খান রাতুল বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে এশিয়ান টিভি ১৪ বছরে পদার্পণ করেছে। এই পথচলায় আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশ-বিদেশে থাকা সব দর্শক-বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটর এবং শুভানুধ্যায়ীদের। নতুন বছরে এশিয়ান টিভিকে আমাদের দর্শকের সামনে নতুনভাবে তুলে ধরতে চাচ্ছি। আমরা নতুন প্রযুক্তি, আধুনিক অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এশিয়ান টিভিকে এ বছর নিয়ে যেতে চাই নতুনমাত্রায়। তরুণদের শক্তি নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, সেখানে এশিয়ান টিভি একটি মুখ্য ভূমিকা রাখবে। তরুণদের সহযোগিতা এবং নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব এবং গণমাধ্যমকে আমরা একটি নতুন ধারায় রূপান্তর করতে পারব।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, ‘আমরা সবাই মিলে দেশের সংকট মোকাবিলা করব, ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব সেই প্রত্যয়, স্বপ্ন ও প্রত্যাশা আমাদের থাকবে এবং এশিয়ান টিভিকে আবারও অভিনন্দন জানাচ্ছি।’
জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, আশা করছি এশিয়ান টিভি অতীতে যেমন সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে, ভবিষ্যতেও একইভাবে সংবাদ পরিবেশন করবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এশিয়ান টিভির পরিচালক মো. জাহিদ ইবনে রশিদ, এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশেদ, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, এশিয়ান টিভির ডিএমডি সাজ্জাদ রশীদ পারভেজ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), আব্দুল গাফফার, চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইঁয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আজম চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রূপায়ণ গ্রুপ আবাসন ব্যবসায়ের পাশাপাশি তথ্য প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে। স্বাধীন তথ্য প্রবাহ নিশ্চিত করতে টেলিভিশন ও পত্রিকায় বিনিয়োগের পাশাপাশি দক্ষতার সঙ্গে মিডিয়া পরিচালনা করছে। এশিয়ান টিভি ও দৈনিক দেশ রুপান্তর এর বাস্তব উদাহরণ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনভর নানা অনুষ্ঠানমালায় সাজানো ছিল এশিয়ান টেলিভিশনের পর্দায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available