নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্ঘটনার কারণ দ্রুত উদঘাটনে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
২২ মার্চ রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।


প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বগুড়ার ট্রেন দুর্ঘটনার পর কুমিল্লায় এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অবিলম্বে দুর্ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন।

আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, প্রতিটি ঘটনায় তদন্ত করে সংশ্লিষ্টদের ব্যর্থতা পাওয়া গেলে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লার এই দুর্ঘটনা তদন্তে ইতোমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্তের ভিত্তিতে আরও ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ফেনী, হবিগঞ্জ ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ঈদের প্রাক্কালে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রতিটি জীবনই মূল্যবান এবং প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থায় বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available