নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিরতির পর ১৫ মার্চ রোববার বেলা ১১টা থেকে পুনরায় শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরুর পর রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে অধিবেশনটি আজ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।


সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আজকের কার্যসূচিতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্বসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, আজকের অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি বিভাগের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার কথা রয়েছে।
শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সংসদের স্থায়িত্বকাল ও কার্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে।
এছাড়া বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদ সদস্যরা মোট ৫০ ঘণ্টা আলোচনা করবেন। সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করতেই এই দীর্ঘ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি সহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ এ ২৭টি মনোযোগ আকর্ষণের নোটিশ এবং বিধি-১৩১ এ ৯৭টি সিদ্ধান্ত-প্রস্তাব পাওয়া গেছে।
এর আগে অধিবেশনের শুরুতে প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে সংসদ সদস্যরা কণ্ঠভোটে তা সমর্থন করেন। একইভাবে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম ঘোষণা করা হয়।
নির্বাচন প্রক্রিয়া শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available