আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির ওপর ইরান তার সার্বভৌম অধিকার ও নিয়ন্ত্রণ বজায় রাখবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। তার ভাষায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ইরানের ‘সবচেয়ে বড় শক্তির হাতিয়ার’।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালিতে সামুদ্রিক সেবার ফি থেকে ৬০ দিনের জন্য অস্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এর অর্থ এই নয় যে, ইরান প্রণালিটির ওপর নিজের অধিকার বা নিয়ন্ত্রণ থেকে সরে এসেছে।
তিনি বলেন, ‘এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। হরমুজ প্রণালি ইরান অবরুদ্ধ করে রেখেছে—এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের বিতর্ক বা বিভ্রান্তি তৈরির সুযোগ আমরা দেব না।’
গালিবাফ আরও বলেন, ‘কোনো পরিস্থিতিতেই ইরান এ অবস্থান থেকে এক চুলও সরে আসবে না।’
হরমুজ প্রণালিকে ‘যুদ্ধের সময় আল্লাহর দেওয়া এক ঐশ্বরিক উপহার’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তিগুলোর একটি।
বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালিটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ইরান, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available