• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:১৬:২৯ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের খসড়ায় যা রয়েছে

১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:০০:২৫

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের খসড়ায় যা রয়েছে

অনলাইন ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য চুক্তির একটি খসড়া সমঝোতা স্মারকে (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) পারমাণবিক কর্মসূচি, তেল নিষেধাজ্ঞা, জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং হরমুজ প্রণালী পুনরায় চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা জানান, খসড়াটিতে উভয় পক্ষের সম্মতির পরবর্তী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

হরমুজ প্রণালী ও নৌ অবরোধ

খসড়া অনুযায়ী, ইরান অবিলম্বে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে ৩০ দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সহযোগিতা

খসড়ায় উল্লেখ করা হয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। পাশাপাশি চূড়ান্ত চুক্তির পর ধাপে ধাপে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও নীতিগত সম্মতি রয়েছে।

এ ছাড়া একটি নির্দিষ্ট সময়ের জন্য ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব রাখা হয়েছে, যাতে দেশটি পুনরায় তেল রপ্তানি করে রাজস্ব আয় করতে পারে।

খসড়ায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি আর্থিক সহায়তা, আঞ্চলিক সহযোগিতা এবং ঋণ ব্যবস্থার মাধ্যমে ইরানের জব্দকৃত ২৫ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করার বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে ইরানের জন্য একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করবে, যা ৬০ দিনের মধ্যে চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।

পারমাণবিক কর্মসূচি

সমঝোতা স্মারকের খসড়া অনুযায়ী, ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না।

চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত তেহরান তার বর্তমান পারমাণবিক কর্মসূচির অবস্থা বজায় রাখবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্প্রসারণ বা নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকবে।

অন্যদিকে, ভবিষ্যৎ একটি বিস্তৃত চুক্তির আওতায় ইরানকে তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানোর সুযোগ দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

খসড়ায় বলা হয়েছে, সমঝোতা স্মারক স্বাক্ষরের ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এসব বিষয় চূড়ান্ত চুক্তিতে নিষ্পত্তি করা হবে বলে আশা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত এ খসড়া সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে অনুমোদিত বা স্বাক্ষরিত হয়েছে কি না, সে বিষয়ে কোনো পক্ষের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০

Follow Us