• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১০:৩৪:৫৭ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

ইরানের তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের

১১ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪০

ইরানের তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংঘাতের মধ্যে ইরানকে নতুন করে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ১১ জুন বৃহস্পতিবার সকালে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানকে খুব কঠোরভাবে আঘাত করবে।

নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অধিকাংশ আক্রমণাত্মক সক্ষমতা ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। এরপরও যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানান তিনি।

পোস্টে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানের খারগ দ্বীপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেবে। তিনি বলেন, ‘খুব বেশি দূরে নয়, কোনো এক সময়ে আমরা খারগ দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামোগত কেন্দ্রের নিয়ন্ত্রণ নেব এবং তাদের তেল ও গ্যাস বাজারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব।’

পারস্য উপসাগরে অবস্থিত খারগ দ্বীপ ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট অপরিশোধিত তেল রফতানির প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়।

এর আগে বুধবার রাত থেকে টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। এ অবস্থায় ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান যদি দ্রুত কোনো শান্তিচুক্তিতে রাজি না হয়, তাহলে আরও হামলা চালানো হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। বাহিনীটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি বলেছেন, ওয়াশিংটন যদি হরমুজ প্রণালি ও এর আশপাশে সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে পুরো অঞ্চলকে নরকে পরিণত করা হবে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া বক্তব্যে মুসাভি বলেন, ‘তোমরা যদি পবিত্র হরমুজ প্রণালিকে অনিরাপদ করতে চাও, তাহলে আমরা ইরানের সর্বত্র থেকে পুরো অঞ্চলকে তোমাদের জন্য নরকে পরিণত করব। এটাই হবে অঞ্চলে আমেরিকার দুঃসাহসিক কর্মকাণ্ডের জবাব।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে উভয় পক্ষের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

তথ্যসূত্র: সিএনএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us