আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও সম্প্রতি কাবুলে ভয়াবহ প্রাণঘাতী হামলার পর, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এবং সদিচ্ছার নিদর্শন হিসেবে দুই দেশ এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মধ্যরাত থেকে শুরু হয়ে এই বিরতি ২৩শে মার্চ মধ্যরাত পর্যন্ত মোট ৫ দিন কার্যকর থাকবে।
এই যুদ্ধবিরতির ঘোষণাটি আসার মাত্র দুই দিন আগে কাবুলের ক্যাম্প ফিনিক্স নামক একটি সাবেক ন্যাটো ঘাঁটিতে (যা বর্তমানে মাদক পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহৃত) ভয়াবহ বিমান হামলা চালায় পাকিস্তান।


এই হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিবাদ তুঙ্গে পৌঁছায়। তালেবান সরকারের দাবি, ১৬ মার্চ সোমবার রাতের ওই হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত এবং ২৬৫ জন আহত হয়েছেন। তাদের মতে, এটি একটি বেসামরিক পুনর্বাসন কেন্দ্র ছিল।

জাতিসংঘের তথ্যমতে, নিহতের সংখ্যা ১৪৩ ও আহত ১১৯ জন।
ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কোনো বেসামরিক কেন্দ্রে নয়, বরং সন্ত্রাসীদের গোলাবারুদ, ড্রোন ও আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পৃথক বার্তায় এই বিরতির কথা নিশ্চিত করেছেন। পাকিস্তান জানিয়েছে, এই সময়ের মধ্যে যদি কোনো আন্তঃসীমান্ত হামলা বা ড্রোন হামলা হয়, তবে তারা আবারও অভিযান শুরু করবে। একইভাবে তালেবানও জানিয়েছে, যেকোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।
এক সময় মিত্র থাকলেও, গত এক বছর ধরে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবানরা তাদের দেশে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে তালেবান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। চীনসহ বিভিন্ন দেশ মধ্যস্থতার চেষ্টা করলেও গত মাসে পাকিস্তান সরাসরি আফগান ভূখণ্ডে হামলা চালানোয় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।
সূত্র : রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available