বিনোদন ডেস্ক: এক দশকেরও বেশি সময় ধরে দেশের শোবিজে আলোচিত-সমালোচিত নাম নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুতে কেবল একজন উপস্থাপিকা ছিলেন। সময়ের পরিক্রমায় এ অভিনেত্রী দুই বাংলার বড় পর্দার পরিচিত মুখ হয়ে উঠেন। নুসরাতের এই রূপান্তর মসৃণ বা সহজ ছিল না; বরং তার পথচলায় ছিল চড়াই-উতরাই, প্রশংসা আর সমালোচনার পাশাপাশি আত্মপ্রতিষ্ঠার এক কঠিন সংগ্রাম।
মানুষের প্রাত্যহিক জীবনে সোশ্যাল মিডিয়া ঝেঁকে বসেছে। এ মাধ্যমে শোবিজ অঙ্গনের তারকারা প্রায়ই তোপের মুখে পড়েন। নুসরাত ফারিয়াও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। নুসরাত ফারিয়া বলেন, “আগে তারকাদের অনেক সমাদর করা হতো। আজকাল মনে হয়, আমরা একটু তোপের মুখেই থাকি। ভালোবাসাও পাই। তবে ক্রিটিসিজমটা তুলনামূলক বেশি। আগে যেটা ছিল ৭০/৩০ শতাংশ; সেটা এখন ৫০/৫০। ভালোবাসার পাশাপাশি বিতর্ক-সমালোচনার সংখ্যাগরিষ্ঠতা।”
কিছুটা ব্যাখ্যা করে নুসরাত ফারিয়া বলেন, “আমার মনে হয়, একজন তারকা হিসেবে এই বিষয়গুলোতে খুব সচেতন থাকা উচিত। আমি সেটা সবসময় ছিলাম। তারপরও অনেকবার ভুগতে হয়েছে। কোনো কথা বললে, সেটার আগের পরের অংশ কেটে প্রচার করা হয়েছে। এটা খুবই ব্যাড প্র্যাক্টিস।”
সংবাদকর্মীদের উদ্দেশ্যে নুসরাত ফারিয়া বলেন, “সাংবাদিকদের অনুরোধ করব, দিন শেষে আমরা একে অন্যের পরিপূরক। বিনোদন বিভাগ চালাতে তাদের যেমন আমাদের প্রয়োজন, তেমনই আমাদেরও তাদের প্রয়োজন। এ কারণে ওরকম কিছু করা ঠিক না। কোথায় যাচ্ছি, কী করছি, কী বলছি— আমাদেরও সচেতন থাকা দরকার।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available