বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় কমেডি কুইন ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার নয় বছরের দীর্ঘ দাম্পত্য জীবন ভাঙার খবরে গত কয়েকদিন ধরে শোবিজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। হর্ষের আলাদা ফ্ল্যাটে বসবাসের খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। তবে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতী সিং।
সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে যে, দুই সন্তানসহ ভারতীকে ছেড়ে হর্ষ আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, যা তাদের বিচ্ছেদের ইঙ্গিত দেয়। তবে হর্ষ পরে বিষয়টি স্পষ্ট করে জানান, মূলত কাজের চাপ ও পড়াশোনার জন্য নিরিবিলি ও শান্ত পরিবেশের প্রয়োজনে তিনি সাময়িকভাবে আলাদা ফ্ল্যাটে অবস্থান করছেন।
হর্ষের এমন মন্তব্যের পরও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় কমেনি। বিষয়টি নজরে আসতেই ভারতী সিং ক্ষোভের সাথে জানান যে, তাদের বিচ্ছেদের খবরগুলো পুরোপুরি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, “আমাদের বিচ্ছেদের গুঞ্জন ভিত্তিহীন। আমাদের আলাদা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একমাত্র মৃত্যুই আমাদের একে অপরের থেকে আলাদা করতে পারে।”
তিনি আরও বলেন, “আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা আলাদা হবো না, যেদিন আমাদের মৃত্যু হবে কেবল সেদিনই আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হবো।”
ভারতী সিংয়ের এই স্পষ্ট বার্তার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাদের অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। জনপ্রিয় এই তারকা দম্পতির অটুট সংসার এবং সন্তানদের নিয়ে তাদের সুখী জীবন অব্যাহত থাকুক-এমনটাই প্রত্যাশা করছেন সহকর্মী ও ভক্তরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available