নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি সাতটি কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার আইনি ভিত্তি তৈরি হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় গত রোববার (৮ ফেব্রুয়ারি) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে। অধ্যাদেশ অনুযায়ী, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য এই বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে।


দীর্ঘদিন ধরে এসব কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন।
অধ্যাদেশ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম অনেকটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে পরিচালিত হবে। সরকারি সাতটি কলেজ নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত কলেজ হিসেবে কার্যক্রম চালাবে। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল; তার আগে দীর্ঘদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, এই সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষক ব্যবস্থাপনা, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন ও সনদ প্রদানসহ সার্বিক একাডেমিক দায়িত্ব পালন করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
এতে আরও বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকায় স্থাপিত হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য স্বয়ংসম্পূর্ণ অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে স্থায়ী ক্যাম্পাস নির্মিত না হওয়া পর্যন্ত ভাড়া নেওয়া ভবন ও জায়গা থেকে এর কার্যক্রম পরিচালিত হবে।
সাতটি কলেজ সংযুক্ত কলেজ হিসেবেই থাকবে এবং তাদের বিদ্যমান পরিচয়, বৈশিষ্ট্য, অবকাঠামো, স্থাবর-অস্থাবর সম্পত্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা অপরিবর্তিত থাকবে।
অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলসহ প্রয়োজনীয় কর্তৃপক্ষ গঠন করা হবে।
প্রসঙ্গত, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর ২০২৫ সালের ২৭ জানুয়ারি কলেজগুলোর অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি কমিটি অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করে।
এর ধারাবাহিকতায় গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া প্রকাশ করে। খসড়াটি নিয়ে বিভিন্ন পক্ষ পক্ষে-বিপক্ষে মতামত জানায়। সর্বশেষ চলতি বছরের ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অধ্যাদেশের খসড়া অনুমোদন করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available