ডেস্ক রিপোর্ট: রাজধানীতে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে রাজধানীতে তিনটি নতুন থানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ানো হচ্ছে নজরদারি ও প্রযুক্তিনির্ভর পুলিশিং। খবর প্রথম আলোর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি সূত্র জানায়, নতুন তিন থানার প্রস্তাবিত নাম হচ্ছে— রায়েরবাজার, বসুন্ধরা ও দক্ষিণগাঁও। প্রস্তাবগুলো বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নতুন থানা চালু হলে ডিএমপিতে মোট থানার সংখ্যা দাঁড়াবে ৫৩।


প্রস্তাব অনুযায়ী, মোহাম্মদপুর থানা–এর একটি অংশ নিয়ে রায়েরবাজার থানা, খিলক্ষেত, বাড্ডা ও ভাটারা থানার অংশ নিয়ে বসুন্ধরা থানা এবং সবুজবাগ ও খিলগাঁও থানার অংশ নিয়ে দক্ষিণগাঁও থানা গঠন করা হবে।

ডিএমপি কর্মকর্তারা বলছেন, রাজধানীর জনসংখ্যা বৃদ্ধি, নতুন আবাসিক এলাকা এবং অপরাধপ্রবণ অঞ্চলে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন থানা চালু হলে টহল বাড়ানো, তল্লাশি জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।
এ ছাড়া পুরো নগরীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, ‘হ্যালো ডিএমপি’ অ্যাপ, নাগরিক তথ্যভান্ডার ও সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর কাজও চলছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসে ঢাকা মহানগরে ৫৭টি হত্যা, ৭২টি দস্যুতা, ১৯টি ছিনতাই, ১১টি ডাকাতি, ৫৩টি অপহরণ ও ৪৩১টি চুরির মামলা হয়েছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩৭৫টি মামলা দায়ের হয়েছে।
ডিএমপি কর্মকর্তাদের মতে, রায়েরবাজার, বছিলা ও জেনেভা ক্যাম্প-সংলগ্ন এলাকায় মাদক, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধের প্রবণতা বেশি হওয়ায় এসব এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available