নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে একটি ভাড়া বাসায় ইয়াবা তৈরির ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর ঢাকা বিভাগের গোয়েন্দা দল। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে সাড়ে চার হাজার ইয়াবা বড়ি, বিপুল কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় ল্যাবের মালিক তোহিদুজ্জামান ওরফে শিমুলকে গ্রেফতার করা হয়।

অধিদপ্তর জানায়, জব্দ করা বড়িগুলো প্রাথমিকভাবে ডিজিটাল পরীক্ষায় অ্যামফিটামিনযুক্ত ইয়াবা হিসেবে শনাক্ত হয়েছে।


সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোয়েন্দারা ক্রেতা সেজে টঙ্গী পূর্ব থানার বসুন্ধরা কাজীবাড়ি পুকুরপাড় এলাকার খলিলুল্লাহ রোডে অবস্থিত তোহিদুজ্জামানের ভাড়া বাসায় যান। সেখানে তিনি পাঁচ হাজার ইয়াবা বিক্রিতে সম্মত হন। একপর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।
তল্লাশিতে তাঁর শরীর ও শোবার ঘর থেকে সাড়ে চার হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি টেবিলে রাখা বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়, যা ইয়াবা তৈরিতে ব্যবহৃত হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অভিযান তদারককারী ঢাকা বিভাগের গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তোহিদুজ্জামান জানান, তিনি গাজীপুরের পুবাইলে একটি আয়ুর্বেদিক ল্যাবরেটরিতে কেমিস্ট হিসেবে কর্মরত ছিলেন। সেখানে ট্যাবলেট প্রস্তুতের অভিজ্ঞতা অর্জন করেন। প্রায় চার মাস আগে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইয়াবা প্রস্তুত শুরু করেন। পরে চাকরি ছেড়ে একটি আয়ুর্বেদিক দোকানও চালু করেন।
অধিদপ্তরের দাবি, বাসা থেকে জব্দ করা কাঁচামাল দিয়ে আরও ১৫ থেকে ২০ হাজার ইয়াবা বড়ি তৈরি করা সম্ভব ছিল।
মেহেদী হাসান আরও জানান, অভিযুক্ত ব্যক্তি অল্প পরিমাণ ইয়াবা সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে বড় পরিসরে তৈরি করতেন এবং গাজীপুর, ঢাকা ও সাভার এলাকায় একটি চক্রের মাধ্যমে পাইকারি বিক্রি করতেন।
ইয়াবা প্রস্তুত ও বাজারজাতের সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available