নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ আড়াইহাজারে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা ওসমান গনিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ও যানবাহনে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
২১ মে বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
এর আগে, ২০ মে বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার মেয়ের ঘরের নাতনি জামাই এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর লোকজন ওসমান গণির ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকেই আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের নেতৃত্বে অবৈধভাবে মাটি কাটা হলেও উপজেলা প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণেই এলাকায় বারবার সংঘাতের ঘটনা ঘটছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available