ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি দিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ফয়সল আহমেদ খানের দুই কন্যা-ইলোরা নুর অর্থি ও জান্নাতে নুর প্রিয়ন্তি-যোগ্যতার ভিত্তিতে মেধাবৃত্তি পেয়েছে।

তারা প্রাথমিকের বৃত্তিসহ এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেছিল।


২৩ ফেব্রুয়ারি সোমবার বেলা ৩টায় রাজধানীর সার্কিট হাউজ রোডে অবস্থিত ট্রাস্টের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাহবুবা ফারজানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ।
এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কার্যনির্বাহী সদস্য শাহিন হাসনাতসহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের জন্য খুব শিগগিরই অবসর সুবিধা চালু করতে বিভিন্ন সুযোগ-সুবিধা ঘোষণা করা হবে। বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এতে সারা দেশের ৬৫ বছরোর্ধ্ব সাংবাদিকরা এর আওতায় আসবেন। এছাড়াও গণমাধ্যমের জন্য একটি কেন্দ্রীয় ডাটা সেন্টার চালু করা হবে, যাতে ভুল তথ্য থেকে পাঠকরা সুরক্ষিত থাকতে পারেন।
মেধাবৃত্তি অনুষ্ঠানে সারাদেশে কর্মরত বিপুলসংখ্যক সাংবাদিক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে সারাদেশের ৪০২ জন শিক্ষার্থীর অভিভাবকদের হাতে বৃত্তির চেক তুলে দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।
উল্লেখ্য, বাঞ্ছারামপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ফয়সল আহমেদ খানের দুই কন্যা-ইলোরা নুর অর্থি ও জান্নাতে নুর প্রিয়ন্তি-যোগ্যতার ভিত্তিতে এ মেধাবৃত্তি পেয়েছে। অর্থি বর্তমানে বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তির জন্য অপেক্ষমাণ এবং ছোট বোন প্রিয়ন্তি নরসিংদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available