সাতক্ষীরা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর সংগ্রহের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ সাংবাদিক কার্ড প্রদানের নীতিমালা জারি করা হলেও বাস্তবে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি সাতক্ষীরায়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে টাঙানো কার্ডপ্রাপ্ত সাংবাদিকদের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, পেশাগত সাংবাদিক নন এমন ব্যক্তিরাও সাংবাদিক কার্ড পেয়েছেন। তালিকায় রয়েছে অনিবন্ধিত ফেসবুকভিত্তিক ‘এ ওয়ান’ টিভি, ‘আপন বাংলা’, ‘গাঙচিল টিভি’ ও ‘এনএএন টিভি’-এর নামেও বৈধ সাংবাদিক কার্ড ইস্যু করা হয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরায় সংসদ নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহের জন্য প্রায় ১ হাজার ২০০ সাংবাদিক আবেদন করেন। এর মধ্যে ৭৯১ জনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক কার্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরায় কর্মরত দৈনিক জনবাণী পত্রিকার সংবাদকর্মী এমডি রায়হান সিদ্দিকী। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিক কার্ড দেওয়ার ক্ষেত্রে নীতিমালা কঠোরভাবে মানা জরুরি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পেশাগত সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন, এমন ব্যক্তি ও অনিবন্ধিত ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্মও কার্ড পাচ্ছে। এতে নির্বাচনী সংবাদ সংগ্রহের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়ছে।’
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ আফরোজা আকতার বলেন, ‘আমাদের কাছে একটি চেকলিস্ট রয়েছে। সেখানে অনুমোদিত জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের তালিকা আছে। সেই চেকলিস্ট অনুযায়ী যারা নির্ধারিত ক্রাইটেরিয়া পূরণ করতে পেরেছেন, শুধু তাদেরই কার্ড দেওয়া হয়েছে। আবেদন ছিল অনেক বেশি, রিজেক্টও হয়েছে অনেক।’
তবে মাঠপর্যায়ে তালিকায় থাকা কিছু নাম ও প্রতিষ্ঠানের বৈধতা নিয়ে সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের নীতিমালার আলোকে কার্ড বিতরণ প্রক্রিয়া পুনরায় যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available