• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:৩০:৪২ (21-May-2026)
  • - ৩৩° সে:

গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

২১ মে ২০২৬ সকাল ০৮:৪৩:৪১

গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২০ মে বুধবার দুপুরে শহরসংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—অপূর্ব ইফতি তাইফ (১৮) ও সাকিবুল ইসলাম (১৯)। অপূর্ব হাটশ হরিপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে। সে দি কুষ্টিয়া ওল্ড হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। অপরদিকে সাকিবুল শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে ঢাকা পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। তারা যে স্থানে নামে সেখানে পানির গভীরতা বেশি ছিল। দীর্ঘ সময় তাদের পানির ওপর ভেসে উঠতে না দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়।

পরে স্থানীয়রা নিজেরাই নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, বিকেল ৪টার দিকে মৃত অবস্থায় দুই তরুণকে হাসপাতালে আনা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ বিশ্ব চা দিবস
আজ বিশ্ব চা দিবস
২১ মে ২০২৬ সকাল ০৯:৩২:৫৮





Follow Us