ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই প্রতিবেশী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো খাদিজা আক্তার (৮) ও সোহানা (৯)।

২১ ফেব্রুয়ারি শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শশীভূষণ থানাধীন হাজারিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজারিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত সোহানা একই গ্রামের সোহাগ হোসেনের মেয়ে এবং খাদিজা মো. ইউসুফের মেয়ে। তারা পরস্পরের প্রতিবেশী ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে খাদিজা ও সোহানা খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে দুপুর আনুমানিক আড়াইটার দিকে তাদের খোঁজ না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে প্রথমে খাদিজাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে একই পুকুর থেকে অপর শিশু সোহানার মরদেহও উদ্ধার করা হয়।
শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available