টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২৮ জুন রোববার সকাল ৯টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক অভিভাবক তাদের শিশুদের নিয়ে অংশ নেন এবং নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।
এ সময় জেলা প্রশাসক শরীফা হক বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. খন্দকার সাদেকুর রহমানসহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু জানান, জেলার ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৫৩২ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬৫ হাজার ৬৫৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available