নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে প্রায় ৮৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার ৩শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
৫ এপ্রিল রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন।


প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ এপ্রিল শুক্রবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৩৬০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এ সময় চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন,“পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available