শরীয়তপুর প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার অন্তত ৫০টি গ্রামের প্রায় ৪০ হাজার মুসল্লি এতে অংশ নেন।
২০ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে পৃথক মাঠে আরও একটি জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী এবং মাওলানা মো. জুলহাস উদ্দিন।


স্থানীয় সূত্রে জানা যায়, সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চণ্ডীপুর এবং ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ বিভিন্ন এলাকার মুসল্লিরা প্রায় ১৫০ বছর ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা দেশের অন্যান্য অঞ্চলের একদিন আগে ঈদ উদযাপন করেছেন।

ঈদের নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন। পরে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
সুরেশ্বর দরবার শরীফের গদীনশীন পীর শাহ মুজাদ্দেদী সৈয়দ বেলাল নূরী বলেন, পৃথিবীতে চাঁদ একটাই তাই বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে সেই অনুযায়ী তারা রোজা ও ঈদ পালন করেন।
এদিকে আগাম ঈদ উদযাপন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available