• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ সকাল ১০:২৮:৪৭ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া অস্ত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, আটক ৩

১০ মার্চ ২০২৬ সকাল ০৮:৪৫:২১

নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া অস্ত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, আটক ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার এবং আরও দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

৯ মার্চ সোমবার গভীর রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

Ad
Ad

এ সময় অস্ত্রটির সঙ্গে দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলিও পাওয়া যায়।

Ad

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ভোর রাত ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যা ও রাতে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. বিশাল (৩১), ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) এবং হাসান (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে প্রথমে বিশালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকা থেকে ফরহাদ ও হাসানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী রাত প্রায় আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমানের ওপর হামলার ঘটনার পরই জেলা পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে ব্যাপক অভিযান শুরু করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণের মাধ্যমে দ্রুত সন্দেহভাজনদের শনাক্ত করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে আটক তিনজনেরই এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার বিষয়টি সামনে এসেছে। এর মধ্যে প্রথমে আটক হওয়া বিশাল অস্ত্র ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছে। অন্য দুজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন
এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন
১০ মার্চ ২০২৬ সকাল ১০:০৫:৪৮









Follow Us