ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্ত এক আসামির নাম ও ঠিকানা ব্যবহার করে কৌশলে পালিয়ে গেছে হত্যা মামলার আরেক আসামি। পলাতক আসামির নাম হৃদয় (২৮)। তিনি জেলার কসবা উপজেলার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টা ৫২ মিনিটে। তবে বিষয়টি জানাজানি হয় শনিবার সন্ধ্যায়।


কারাগার সূত্র জানায়, কসবা থানার একটি হত্যা মামলায় গত বছরের ৭ ডিসেম্বর হৃদয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দি হন। বৃহস্পতিবার দুপুরে নবীনগর থানার একটি মামলায় জামিনপ্রাপ্ত আসামি দিদার হোসেনের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্যান্য জামিনপ্রাপ্ত বন্দিদের সঙ্গে মুক্তি পাওয়ার সময় কৌশলে পালিয়ে যান হৃদয়।
এ ঘটনায় কারা বিভাগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়াকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন— ফেনী কারাগারের জেল সুপার এবং চাঁদপুর জেলা কারাগারের জেলার।
ঘটনার পরপরই দায়িত্বে অবহেলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ছয় কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া বলেন, ‘অন্য এক আসামির জামিনের কাগজ ব্যবহার করে হৃদয় নামের একজন কৌশলে কারাগার থেকে পালিয়ে গেছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার মনজুরুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও পাঁচ থেকে সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available