ডেস্ক রিপোর্ট: দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ২ মে শনিবার একযোগে ২৯টি নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


দলীয় সূত্র জানায়, নতুন কমিটিগুলোর মধ্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর এবং জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিট রয়েছে। এর মধ্যে কয়েকটি পূর্ণাঙ্গ কমিটি, কয়েকটি আংশিক এবং কিছু ক্ষেত্রে বর্ধিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সাতটি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি দেওয়া হয়েছে।
মেডিকেল কলেজ পর্যায়ে ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি অনুমোদন পেয়েছে।
মহানগর ও জেলা পর্যায়েও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং জামালপুর মহানগরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। কুমিল্লা জেলায় আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
এছাড়া নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলেরও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কলেজ পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ এবং নারায়ণগঞ্জ কলেজে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা কলেজে বর্ধিত কমিটি ঘোষণা করা হয়েছে।
দলীয় নেতারা বলছেন, নতুন কমিটিগুলোর মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও শক্তিশালী হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available