• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৫৩:৪৫ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

ব্রাজিলের ‘মিশন হেক্সা’র স্বপ্ন ভেঙে দিয়ে শেষ আটে নরওয়ে

৬ জুলাই ২০২৬ সকাল ০৮:২০:১৬

ব্রাজিলের ‘মিশন হেক্সা’র স্বপ্ন ভেঙে দিয়ে শেষ আটে নরওয়ে

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। দলের জয়ে জোড়া গোল করেছেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। অন্যদিকে এই হারে ‘মিশন হেক্সা’—ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হলো সেলেসাওদের।

৫ জুলাই রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল ব্রাজিল। ১৪তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস।

৪০তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের জোরালো শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। অন্যদিকে প্রথমার্ধের শেষ দিকে নরওয়ের একটি বিপজ্জনক আক্রমণ প্রতিহত করে ব্রাজিলকে রক্ষা করেন অ্যালিসন বেকার। ফলে বিরতিতে যায় দুই দল গোলশূন্য সমতায়।

বিরতির পর দুই দলই আক্রমণের গতি বাড়ালেও গোলের দেখা মিলছিল না। ম্যাচের ৭০তম মিনিটে নেইমার জুনিয়রকে মাঠে নামান ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। একই সময়ে আরও কয়েকটি পরিবর্তন আনে দুই দল।

এরপর ম্যাচের ৭৯তম মিনিটে দুর্দান্ত এক হেডে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। নির্ধারিত সময়ের ৮৯তম মিনিটে আবারও ব্রাজিলের রক্ষণভাগ ভেদ করে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন এই স্ট্রাইকার।

অতিরিক্ত সময়ে ব্রাজিল পেনাল্টি থেকে একটি গোল শোধ করে। নেইমার স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করলেও সেটি কেবল ব্যবধানই কমিয়েছে।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। এই জয়ে তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়।

সূত্র: এপি, রয়টার্স।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us