নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
২৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি জানান তিনি।


নাহিদ ইসলাম বলেন, চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এজন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না।

এনসিপির আহ্বায়ক বলেন, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিসংশন করতে হবে। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেফতার করতে হবে।
এর আগে, একইদিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি হাস্যোজ্জ্বল ছবি সংযুক্ত করে পোস্ট করেছেন। এনসিপির আরেক নেতা সারজিস আলম; আর লিখেছেন, এটাই ছিল ২০২৬ সালের নির্বাচনের চিত্র!
সারজিস তার পোস্টে বিএনপিকে কটাক্ষ করে লিখেন, বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখলো এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবেনা এবং সরকার গঠন করা সম্ভব হবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রত্যেকটা আসনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে গোপনে বৈঠক করলো। যত অপরাধী হোক না কেন, তাদেরকে জামিন করানোর কিংবা সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার কমিটমেন্ট করলো।
এরপর তিনি দাবি করেন, বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসনের একাংশ এবং দেশের ও দেশের বাইরের কিছু এজেন্ট একসাথে মিলে এই নির্বাচন করলো এবং ক্ষেত্রবিশেষে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করলো।
সারজিস লিখেন, যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার সেনাবাহিনীর অফিসারদেরকে খুন করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া কিছুই নয়।
তিনি লিখেন, যে আওয়ামী লীগ জনাব তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, ১৭ বছর দেশে আসতে দেয় নাই, বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল, তার শরীরকে বিষাক্ত করে তুলেছিল, হাজার হাজার বিএনপি নেতা কর্মীকে নির্যাতন করেছিল, ঘরে থাকতে দেয় নাই সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে।
বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ করে এরপর এনসিপির এ নেতা লিখেন, মনে রাখবেন— সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত হন তাহলে তার দায় আপনাদের নেতা জনাব তারেক রহমানকে নিতে হবে।
সারজিস আরও লিখেন, যদি জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা আমাদের যেকোনো সহযোদ্ধাদেরকে আওয়ামী লীগের দ্বারা আবার খু*ন হতে হয় কিংবা রক্ত দিতে হয় তাহলে তার দায় জনাব তারেক রহমান এবং বিএনপিকে নিতে হবে। জনাব তারেক রহমানকে আজকের এই পদক্ষেপের জন্য ধিক্কার জানাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available