• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৫:৩৮ (25-May-2026)
  • - ৩৩° সে:

ইরান চুক্তি নিয়ে তাড়াহুড়োর দরকার নেই: ট্রাম্প

২৫ মে ২০২৬ সকাল ১০:৩৮:১৪

ইরান চুক্তি নিয়ে তাড়াহুড়োর দরকার নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত বলে দাবি করার মাত্র একদিনের ব্যবধানে অবস্থান বদলালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদনে কোনো ধরনের তাড়াহুড়ো না করে বিষয়টি সময় নিয়ে এবং নিখুঁতভাবে সম্পন্ন করতে আলোচনা দলের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ মে সোমবার রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ট্রাম্পের নতুন নির্দেশনার ফলে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ঘিরে তৈরি হওয়া দ্রুত সমাধানের আশা কিছুটা অনিশ্চয়তায় পড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

চুক্তি প্রক্রিয়া নিয়ে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া বার্তায় বলেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কও তুলনামূলকভাবে পেশাদার ও ফলপ্রসূ হয়ে উঠছে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘পুরো বিষয়টি যথেষ্ট সময় নিয়ে এবং নির্ভুলভাবে সম্পন্ন করতে হবে। এখানে কোনো ধরনের ভুলের সুযোগ নেই।’

এর আগে শনিবার ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তির অধিকাংশ বিষয় চূড়ান্ত হয়ে গেছে এবং কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে। তবে পরদিন তিনি অবস্থান বদলে হরমুজ প্রণালি ইস্যুতেও আগের বক্তব্য থেকে সরে আসেন। তিনি জানান, চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষর না হওয়া পর্যন্ত ওই অঞ্চলে নিষেধাজ্ঞা ও অবরোধ বহাল থাকবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায় বলে প্রতিবেদনে বলা হয়। এর জবাবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন মিত্র দেশ ও সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি থাকলেও পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল একাধিক দফা আলোচনা করেছে। তবে এখন পর্যন্ত কোনো স্থায়ী রাজনৈতিক সমাধান আসেনি। আলোচনার অগ্রগতির মাঝেই ট্রাম্পের নতুন অবস্থান আবারও প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us