• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৩১:৫৩ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী

৪ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৪৩

যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি, ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যেখানে অবহেলা ও দুর্নীতি থাকবে, সেখানে শুধু বদলি নয় চাকরিচ্যুতি করতে হবে। এছাড়া জবাবদিহির মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

৪ জুলাই শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় সততা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের কোনো সুযোগ রাখা হবে না। স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি জানান, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আধুনিকায়ন করা হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করা হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চলতি বছর থেকেই স্বাস্থ্যখাতে একটি নতুন পরিবর্তনের সূচনা করতে চায় সরকার। জনগণের কল্যাণে একের পর এক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, এবারের বাজেট শুধু অর্থ বরাদ্দের নয়, এটি আদর্শভিত্তিক বাজেট এবং দুর্নীতিমুক্তভাবে এর বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

নরসিংদী মেডিকেল কলেজ প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বছর ৫০ শিক্ষার্থী নিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হবে। আপাতত নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে মেডিকেল কলেজের ক্লাস অনুষ্ঠিত হবে। আর নার্সিং ইনস্টিটিউটের ক্লাস স্থানান্তর করা হবে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে। একই সঙ্গে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য জমি নির্ধারণের কাজ চলছে এবং দ্রুতই ভবন নির্মাণ শুরু হবে।

তিনি আরও জানান, চীনের সহযোগিতায় বাংলাদেশে যে ১৮টি আধুনিক হাসপাতাল নির্মিত হবে, তার একটি নরসিংদীতে স্থাপন করা হবে। শহরের আশপাশে উপযুক্ত স্থানে হাসপাতালটি নির্মাণের চেষ্টা চলছে।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ডায়াবেটিক সমিতির সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us